ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় চাঁদাবাজির ঘটনায় শ্রমিকের দেওয়া মামলায় দুই শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার দুই শ্রমিক নেতা হলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক আরব আলী বক্স (৩০) ও জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির শ্রম-বিষয়ক সম্পাদক মো. হামিদ (৫৫)। তাদের বাড়ি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে।
এর আগে, গাড়ি আটকিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন বিজয়নগর উপজেলার রামপুরা এলাকার জজ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক কাজি মো. নূরুল আমিন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই নেতা বিশ্বরোড এলাকায় নিয়মের বাইরে ১০ টাকা হারে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করেন। প্রতিদিন এক হাজারের বেশি অটোরিকশা থেকে তারা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, বিশ্বরোড এলাকায় চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হলে ওই দুই জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুই জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।







