ঠাকুরগাঁওয়ের বলিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের নাগর নদী থেকে রমজান আলী (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে নদীর বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির চোখে গুলির চিহ্ন পাওয়া গেছে।
রমজান আলী রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের ভাতু মোহাম্মদের ছেলে। স্বজনদের ধারণা, ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে রমজানের মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের স্ত্রী মসলেমা খাতুন ও মামাশ্বশুর আব্দুল মান্নান জানান, রমজান গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে তার মরদেহ সীমান্ত নদীর বালুচরে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা ভারতীয় সীমান্তের উত্তর দিনাজপুর তিনগাঁও ক্যাম্পের ৩৭৫এস পিলার এলাকার কাঁটাতারের এপারে বাংলাদেশের অভ্যন্তরে নাগর নদীর চরে রমজান আলীর মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। বিজিবি মরদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে। মরদেহটি নদীর চরের বালুতে অর্ধপোতা অবস্থায় পাওয়া যায় এবং আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি অভ্যন্তরীণ ঘটনার কারণে হত্যাকাণ্ড নাকি বিএসএফ হত্যা করেছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিজিবি ও পুলিশের যৌথ তদন্ত চলছে।








