সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৬টা থেকে। এর আগে কোনও লঞ্চ রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে না। বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সদরঘাটের ট্রাফিক ইন্সপেক্টর শেখ মাহতাব।
সদরঘাটের ট্রাফিক ইন্সপেক্টর বলেন, ‘রাত ১২টা থেকে লঞ্চ চলাচল করতে হলে তা আগেই ঘাটে প্লেস করতে হয়। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ১২টার আগে কোনও লঞ্চ ঘাটে আনা যাবে না। এজন্য সদরঘাট থেকে রাত ১২টার পর কোনও লঞ্চ চলাচল করছে না, সকাল ৬টায় চলাচল শুরু হবে।’
এদিকে চাঁদপুরের বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা আছে মধ্যরাত থেকে লঞ্চ চলতে পারবে। এক্ষেত্রে রাত ১২টার পর চাঁদপুরে লঞ্চ আছে দু-একটা। এ সময় যাত্রী আসবে না, তাই লঞ্চও ছাড়বে না। মূলত লঞ্চ চলাচল শুরু হবে সকাল থেকে।’ তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো চালাতে হবে।
ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি আবে জমজমের সুপারভাইজার বিপ্লব সরকার বলেন, ‘লকডাউনের কারণে অনেক লঞ্চই সঠিক গন্তব্যে নেই। সেগুলোর যেটি যেখানে আছে সেখান থেকেই চলাচল শুরু করবে। চাঁদপুর থেকে কোনও লঞ্চ রাতে ছেড়ে যাচ্ছে না। সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে আল বোরাক লঞ্চ।’
এর আগে মঙ্গলবার নৌপরিবহন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনের আলোকে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সারাদেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সব যানবাহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।









