ভারতের হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারীকে আটকের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বন্দরের ভেতরে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারিসহ সকল কার্যক্রম চালু রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, ভারতের হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারী শুভ ভারত থেকে রফতানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে আসা ট্রাকের গেটপাসসহ কাগজপত্রগুলো তৈরি করতো। তাকে বৃহস্পতিবার দুপুরের দিকে ভারতীয় পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ভারতীয় রফতানিকারকরা এ তথ্য জানিয়েছেন।
এ কারণে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তিনি যে কাজগুলো করতেন সেগুলো করা লোক নেই। তাই বন্দর দিয়ে কখন পণ্য রফতানি চালু হবে তা বলতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা। তাকে না ছাড়া পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।







