মোংলা বন্দরে পানামার পতাকাবাহী গিয়ারলেস জাহাজ এমভি ফিলোটিমো থেকে পণ্য খালাস ও বোঝাই করার মধ্য দিয়ে প্রথম বারের মতো নিজস্ব মোবাইল হারবার ক্রেনের ব্যবহার শুরু হলো। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, রবিবার থেকে মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে পণ্য খালাস শুরু হয়।
পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৭২ মিটার, গভীরতা সাড়ে ৬ মিটার। জাহাজটি ৪৮৬টি টিউজ কন্টেইনার নিয়ে বন্দরে এসেছে। মাল্টিপারপাস ও মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে ২৬৩টি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে খালাস এবং ৩৪৪টি কন্টেইনার জাহাজে বোঝাই করা হয়েছে।
হারবার মাস্টার জানান, বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্য সম্প্রতি দুটি মাল্টিপারপাস ক্রেন ও চারটি মোবাইল হারবার ক্রেন সংযোজন করা হয়েছে। এই ক্রেনগুলোর মাধ্যমেই গিয়ারলেস জাহাজ থেকে আমদানি ও রফতানি পণ্য বোঝাই-খালাস সম্ভব হয়েছে। মাত্র ৩৯ ঘণ্টায় জাহাজটি থেকে কন্টেইনার ওঠানো ও নামানো হয়েছে। প্রতি ঘণ্টায় ১৫টি কন্টেইনার ওঠানো ও নামানোতেও রেকর্ড সৃষ্টি হয়েছে। এমন জাহাজ থেকে সমপরিমাণ পণ্য ওঠানো ও নামানোর জন্য সাধারণত তিন দিন সময় লাগে। কিন্তু এটির ক্ষেত্রে সময় লেগেছে দুই দিন।









