মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
মোট ৮৮৯ ভোটের মধ্যে গোলাম মহীউদ্দীন পেয়েছেন ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী কেএম বজলুল হক খান রিপন পেয়েছেন ৪২৫ ভোট।
জেলা নির্বাচন কমিশন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাতটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত কোনও গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়।’
নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে ২০১১ সালে জেলা পরিষদের প্রশাসক এবং ২০১৭ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।









