কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকসাইর এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে মহাসড়কের পাশে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে আছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়। পিবিআই হাসপাতালে এসে অজ্ঞাত ব্যক্তির হাতের আঙুলের ছাপ ও ছবি তুলে নিয়ে যায়।
পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম সরকার বলেন, ‘আমরা নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’








