বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা সাঙ্গু নদীতে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান ‘ফুল বিজু’ উদযাপন করেছেন।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৭টায় তরুণ-তরুণীরা ফুল ভাসানোর জন্য সাঙ্গু নদীর পাড়ে এসে ভিড় জমান। পরে তারা সবাই সম্মিলিতভাবে ফুল ভাসান।
এ অনুষ্ঠানের বিষয়ে তরুণ-তরুণীরা বলেন, ‘পুরনো বছরের ময়লাগুলো ফেলে দিয়ে আমরা নতুন বছরকে ফুল দিয়ে বরণ করি। এবং পুরনো বছরের যত ময়লা আছে তা আমরা ফুলের সঙ্গে ভাসিয়ে দূর করে দিই। আমরা চাকমা ও তঞ্চঙ্গ্যা জাতির সবাই একসঙ্গে মিলিত হই এদিনে। আর এর মাধ্যমে আমরা আমাদের জাতির ঐতিহ্যকে ধরে রাখি।’
এ অনুষ্ঠানে অংশ নিয়ে চাকমা তরুণী বাসন্তী বলেন, ‘নদীতে ফুল ভাসিয়ে বুদ্ধকে পূজা করে আমরা আমাদের ফুল বিজুর আনুষ্ঠানিকতা শুরু করি। পুরনো বছরের খারাপ সবকিছুকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে আগত নতুন বছরের নতুন দিনে প্রতিটি মানুষের জীবন যেন ফুলের মতো সুন্দর, সুবাসিত ও সুরভিত হয় এ কামনা করি।’
মাধবীলতা তঞ্চঙ্গ্যা বলেন, ‘আজ হচ্ছে আমাদের চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ফুল বিজু। তাই সাঙ্গু নদীতে সবাই মিলে ফুল ভাসাতে এসেছি। সুন্দরভাবে সকাল বেলা ফুল ভাসাতে পেরে আজ আমরা সবাই খুব আনন্দিত।’
চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুণী ও শিশুরা তাদের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর সম্মিলিতভাবে সাঙ্গু নদীতে ফুল ভাসান। আর এ দিনের সকালটি সবার মিলন মেলায় পরিণত হয়।









