শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান চর্চার কোনও বিকল্প নেই। এ জন্য সরকার কাজ করছে। তবে শুধু সরকার কাজ করলেই হবে না, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।’
শনিবার (১০ জুন) দুপুরে রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেনি তিনি।
শাহদৌলা সরকারি কলেজকে বাঘার একটি গৌরব উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৬ সালে শাহদৌলা সরকারি কলেজ জাতীয়করণ হয়। এই কলেজে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পড়ানো হচ্ছে। উপজেলা পর্যায়ে একটি জাতীয় কলেজ স্থাপন সহজ বিষয় হয় নয়, এজন্য অনেক চড়াই-উতরাই পারি দিতে হয়েছে। আজকে এই কলেজের অত্যন্ত আনন্দের দিন। প্রথম ব্যাচের সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে স্নাতক শেষ করেছে, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এরাই বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে একদিন এই কলেজের মুখ উজ্জ্বল করবে। আগামী পাঁচ বছরের মধ্যে এই কলেজের মেধাবী শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হবে।’
জীবনে কখনো হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে এমন ভাবনা ঠিক নয়। তোমাদের চিন্তায় যদি সততা থাকে তা হলে অবশ্যই নিজের যোগ্যতায় যে কোনও পেশায় নিয়োজিত হলে সফলতা পাবে। তিনি অর্জিত শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।’
শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বাবু।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দ্বিতীয় ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় কলেজের প্রাক্তন অধ্যক্ষগণের হাতেও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন তিনি।









