পাবনা সদর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে চাচা আব্দুল আলিমকে (৪০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে।
আলিম মালঞ্চি ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। আটক তানজিল একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে।
জানা গেছে, একটি আম গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে আব্দুল আলিম আম পাড়তে যান। তানজিল আম পাড়তে নিষেধ করলে দুই পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল আলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তানজিল। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করা হয়েছে।’









