নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে না, আসতে পারবেও না। তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। নির্বাচন হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু তার আগে ওরা মরণ কামড় দেবে। বাংলাদেশের ওপর কামড় দেবে। দেশ ক্ষত-বিক্ষত হয়ে যাবে।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনা গুলির সামনে মাথা নত করেননি। তার আশপাশ দিয়ে গুলি যায়, তিনি ভয় পান না। কারণ তিনি আল্লাহকে ভয় করেন। গতকাল জাতির জনকের কন্যা ভাষণ দিয়েছেন। সেই ভাষণ ফলো করলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোনদিকে মোড় নিচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের কৈশোর হারিয়ে গেছে। সেদিন থেকে বাংলাদেশ পেছনে যেতে থাকে। আমাদের রাজনীতিতে আসতে হয় গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।’
তিনি আরও বলেন, ‘আগামীতে বাঁচবো কিনা জানি না। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতানেত্রী আছেন। কেউ তো নামছেন না। কথা বলছেন না। সবাই নিজের আখের গোছাতে কাজ করছেন। আমার দাদা নবাবের জামানত বাজেয়াপ্ত করে নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা আমাদের এক টাকাও দিয়ে যাননি। আমরা রাজনীতিতে দিতে এসেছি। কারণ আমরা মনে করি, রাজনীতি ইবাদত।’
একটি দেশকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ইসরাইলে ইহুদিরা মুসলমানদের পাখির মতো গুলি করে মারছে। বার্মা থেকে ১৫ লাখ লোক এসে বাংলাদেশে বসবাস করছে– কই ওরা তো কিছু বলে না। সেখানে তো কেউ গণতন্ত্রের কথা বলে না। ৩৩টি দেশে আগামীতে নির্বাচন হবে, কই কোথাও তো তারা যাচ্ছে না। তাহলে বাংলাদেশ কেন? এই প্রশ্নটা সবাই খোঁজেন। কারণ আমাদের পাশে বঙ্গোপসাগর। এই জায়গাটাকে ওরা বেজ করতে চায়। ওদের সহায়ক হলো ওই রাজাকার, আলবদররা। শেখ হাসিনা জীবন দেবেন, বঙ্গবন্ধুর মতো রক্ত দেবেন, কিন্তু তিনি মাথানত করবেন না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী ও জিএম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








