নীলফামারীতে মাইক্রোবাসচাপায় প্রশান্ত রায় (২১) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোশাররফ হোসেন (২১) নামে আরও একজন গুরুতর আহত হন।
সদর থানার ওসি মো. তানভীরুল ইসলাম জানান, শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের হর্তকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মৃত চন্দন রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত প্রশান্ত ও তার বন্ধু মোশাররফ মোটরসাইকেলে নীলফামারী শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। সে সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রশান্তের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মোশাররফকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিকভাবে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









