গাজীপুরের শ্রীপুরে একটি ইলেকট্রনিক পণ্যের ও ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড়ে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, সলিং মোড়ে সফিকুল ইসলাম দুলুর মালিকানাধীন মীম ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক দোকানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা এক রাউন্ড গুলি ছুড়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলার পর দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে চলে গেছে।
ওসি শাহ জামান আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দোকানে হামলা ও গুলি ছোড়ার ঘটনাটি নির্বাচনকেন্দ্রিক নাকি পূর্ব বিরোধের জেরে ঘটেছে, তা তদন্ত করলে জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









