সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন আরও দুই জন৷ রবিবার দুপুরে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অভি কুমার দে (২২)। তিনি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে এবং তালা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের একটি হোমিওপ্যাথিক ফার্মেসিতে অভি কাজ করতেন বলে জানা গেছে।
আহতরা হলেন– কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) এবং খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মণ্ডলের ছেলে শিমুল মণ্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে তিন বন্ধু অভি, শিমুল ও আসিফ একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ভৈরবনগর এলাকায় একটি বাইসাইকেল রাস্তা পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মহাসড়কের ভৈরবনগর এলাকায় বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী অভি কুমার দে মারা যান। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







