সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং মহানগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস ছেড়ে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে অবস্থান করে বিক্ষোভ করেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা নগরীর টাউন হল চত্বরে সমবেত হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে না থাকায় শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। জেলা প্রশাসক ছাড়া অন্য কোনও কর্মকর্তাকে তারা স্মারকলিপি দেবেন না বলে ঘোষণা দেন।
পরে দুপুর আড়াইটায় রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান কার্যালয়ে আসলে একটি প্রতিনিধি দল তার মাধ্যমে দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি রাষ্ট্রপতির বরাবর প্রদান করে। জেলা প্রশাসক আজই স্মারকলিপিটি পাঠিয়ে দেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।







