পাঁচ দিন বন্ধ থাকার পর চাঁদপুর জেলার সব থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার থেকে থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানাগুলোর কার্যক্রম।
রবিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে এসপি বলেন, ‘এখন সব থানাতেই পুলিশ অবস্থান করছে। সীমিত আকারে থানাগুলো চালু করা হচ্ছে। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও শুরু হবে।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। কচুয়ায় পিটিয়ে হত্যা করা হয় এসআই মামুনুর রশিদকে। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।








