মতলববাজরা মালিক-শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে রাখে: জামায়াত আমির

গাজীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ১৭:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৭:১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশে মতলববাজরা মালিক এবং শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে রাখে। উদ্যোক্তা এবং মালিক যদি না থাকে শ্রমিকরা কোথায় কাজ করবেন? শিল্প যদি না বাঁচে কর্মসংস্থান কোথায় হবে? আমরা এমন সমাজ চাই, ব্যবসায়ীরা তার জায়গায় বসে ব্যবসা করবেন, কোনও দুর্বৃত্তের যাতে সাহস না হয় তার কাছে চাঁদা চাওয়ার। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সঙ্গে বসবাস করতে পারেন।’

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা এই সমাজের দুশমন তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উসকে দিয়ে রাস্তায় নামায়। তারা বলে, শ্রমিকরা ঘরে বসে বেনিফিট পাবে। কিছু কিছু মালিক আছেন তারা চান শ্রমিকদের ঘাম নয়, পারলে রক্ত চুষে নিতে, এটি অন্যায়। শিল্প যারা বাঁচাবে আপনি তাদের বাঁচতে দিন। আপনি তাদের সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সবকিছু বিলিয়ে যাবে। এতে শিল্পের উন্নতি হবে, তাদেরও উন্নতি হবে। আমরা এ রকম বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই, যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশুর চারটি অধিকার (খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য এবং সুশিক্ষা) সরকার তাকে দিতে বাধ্য থাকবে।

‘এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে– ৪৭, ৭১, আবার ২০২৪ সালে। কোনও জাতি তাদের নিজেদের অধিকারের জন্য এত রক্ত দিয়েছে কিনা আমি জানি না।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র ও বুলেট জনগণের বুকে ধরার দুঃসাহস করবে এমন কোনও সন্ত্রাসী আর দেখতে চাই না। পুরো বাংলাদেশকে এক করতে হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে এক করতে হবে। বিশ্বকে জানান দিতে হবে– দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনও বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল, সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি।

‘আর আমরা কাউকে এই জাতিকে বিভক্ত করার সুযোগ করে দেবো না। দলের, ধর্মের ও গোষ্ঠীর ভিত্তিতে আমরা জাতিকে আর ভাগ করার সুযোগ দেবো না। জাতিকে তারাই ভাগ করে, যারা জাতির দুশমন। যারা জাতির বন্ধু, তারা জাতিকে কখনও ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপসহীন। এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো এবং সাদাকে সাদা বলবে। আমরা চাই এমন একটা দেশ হবে, যেই দেশে বৈষম্য থাকবে না।’

আগামীতে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের এমন একটা সমাজ প্রয়োজন যে সমাজে শিক্ষিত মানুষগুলো কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুটপাট করবে না। আমরা কোনও শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হতে দেখতে চাই না। কোনও দুর্বৃত্তকে আদালতের চেয়ারে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা রাষ্ট্রের সেবক, তিনি দল, গোষ্ঠী বা ব্যক্তির সেবক না। আমরা এমন কোনও কর্মকর্তা-কর্মচারী আগামীতে দেখতে চাই না, যাদের বাধ্য করা হবে রাষ্ট্র, জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সবার কামনা। সেই দেশটা আমাদেরই গড়তে হবে, ইনশাল্লাহ। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।’

আন্দোলনে নিহতদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন তারা চাকরি পাওয়ার জন্য বা কারও সহযোগিতা পাওয়ার জন্য লড়াই করেননি। তারা আমাদের কাছে মর্যাদার এবং সম্মানের পাত্র। তারা নিঃস্বার্থ লড়াই করেছেন জাতিকে সম্মানিত করার জন্য। জাতির দায়িত্ব এখন তাদের পরিবারকে সম্মানিত করা। এটি করতে হবে, এর বিকল্প নেই। সরকারের কাছে দাবি জানাই, তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। প্রতিটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে। লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন কারও করুণার পাত্র হয়ে না থাকেন।’

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বক্তব্য দেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. খলিলুর রহমান, ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য আবুল হাসেম খান, মাওলানা দেলাওয়ার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের