পঞ্চগড়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
বুধবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে যেকোনও রাজনৈতিক দলকে সমর্থনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘যে দলই হোক না কেন, দলকানা হওয়া যাবে না। তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট সেটি থাকবে না। কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে– সে যেই হোক না কেন, প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কী কারণে হয়েছে তা মনে রাখতে হবে। যারা ক্ষমতাপিপাসু, যাদের কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।’
অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেওয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন। আমাদের পূর্বপ্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে, যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই কাঁধে নিতে হবে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সান এবং সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তেতুঁলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।








