কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহন করা একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে। তিনি হাউজিং এলাকা থেকে বাইসাইকেলে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ‘সিনাই’ নামে দোতলা একটি বাস তাকে চাপা দেয়। এতে বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা কুষ্টিয়া জেলা প্রশাসন এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের বাসের ড্রাইভারও অনেক অসুস্থ। যদি তার অপরাধ প্রমাণিত হয় তাহলে নিয়মানুযায়ী শাস্তি পাবেন। এ ছাড়া নিহতের ক্ষতিপূরণ তো টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে আমরা যতদূর যা করা যায় ব্যবস্থা গ্রহণ করবো।’ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে জানান তিনি।









