লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বড় বোন পুষ্প গুরুতর আহত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর-আগে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার রামগতি উপজেলার জমিদারহাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই বোন। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।
খবর নিয়ে জানা গেছে, সকালে দুই-বোন বাবার বাড়ি থেকে চাল কেনার জন্য অটোরিকশায় স্থানীয় জমিদারহাট বাজারে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছোটবোন নাসিমাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’









