অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছি, কোনোরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব করতে চাই না। বরং রাজনৈতিক কর্মসূচিগুলো রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে করবেন। বাংলাদেশপন্থি কারও সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কিন্তু দিল্লির তাঁবেদারি করার কোনও প্রচেষ্টা হলে বিরোধ হবেই, হবে।’
শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে যারা শহীদ হয়েছেন আমরা তাদের পাবো না। কিন্তু তাদের যে স্পিড, চেতনা, তা আমাদের রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হবে। আমরা তাদেরই উত্তরসূরি। তারা যে স্বপ্ন-আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন দিয়েছেন সেই ধারণা থেকে আমাদের পথচলা।
‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনও বুঝতে পারিনি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজয় বরণ করে শেষ হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোঁস ফোঁস করছে।’
মাহফুজ আলম আগামীতে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি বলতে চাই, এটি আমাদের প্রজন্মের লড়াই। এটি আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির ও রাজনীতির স্বাবলম্বী হয়ে ওঠার লড়াই। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ ভারতের কোল থেকে আমাদের দিকে চোখ রাঙায় আমরা কি বসে থাকবো? আমরা বসে থাকবো না। আমরা শহীদদের শাহাদাতের পথ ধরে রক্ত দেবো।’
তিনি বলেন, ‘আমরা শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। রাষ্ট্রীয় সেক্টরে, সমাজে, সংস্কৃতিতে আওয়ামী লীগের যারা আছে প্রত্যেকের আমরা বিচার করবো। তাদের বিচার করেই আমাদের শহীদের যে আকাঙ্ক্ষা আছে সেদিকে আমরা এগোবো।’









