চলতি মৌসুমে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকাল ৯টায় জেলার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুযায়ী, আজ সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে।
জেলায় তীব্র শীতে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বিশেষ করে, শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, ‘কুয়াশার পরিমাণ কমে সকালেই রোদ উঠলেও আকাশ পরিষ্কার থাকায় উত্তরের হিমেল হাওয়ার গতি বেড়েছে। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও দু-তিন দিন থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, চলতি মাসেই আরও তিন থেকে চারটি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।’









