আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী, শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সৈয়দ এ কে একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হন সৈয়দ এ কে একরামুজ্জামান। পরে তিনি দলের চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।









