মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহারের খবরে রাজনগরের দত্তগ্রামে তার বাড়ির সামনে জড়ো হন শত শত সাধারণ সমর্থকরা। মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে রাজনগর উপজেলায় উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় আব্দুল মান্নানের গ্রামের বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় সমর্থক ও সাধারণ মানুষ।
সমর্থকদের দাবি, আব্দুল মান্নান এলাকায় একজন পরিচিত মুখ। রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
সমর্থকদের অভিযোগ, জোটগত সিদ্ধান্তের কারণে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তারা সেটি মেনে নিতে পারছেন না, এ জন্য অবরুদ্ধ করে রাখেন। এ কারণে মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগে যেন তিনি বাড়ি ত্যাগ করতে না পারেন, সে উদ্দেশ্যে তারা বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান সমর্থকরা।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, ‘আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে পরিবর্তনের প্রত্যাশা ছিল সাধারণ মানুষের মধ্যে। সেই প্রত্যাশা নিয়েই আমাদের প্রার্থী মাঠে সক্রিয় ছিলেন। তবে রাজনৈতিক জোটের বাস্তবতায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় এসেছে। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, সে অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি রয়েছে।’
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ঘটনাস্থলে হয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মান্নান সাহেব দেশ গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। হঠাৎ নেওয়া সিদ্ধান্তে কর্মী-সমর্থকদের হতাশ হওয়াটা স্বাভাবিক।’ তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
জানা গেছে, এই আসনটি ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী আহমেদ বিল্লালকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।









