রাজশাহীতে বাসচাপায় তিন জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮

রাজশাহীতে বাসচাপায় তিন জনের মৃত্যুর ঘটনায় চালক সাইফুল ইসলামকে (৪৮) কুষ্টিয়ার দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি নাটোর সদরের কানাইখালী দক্ষিণ পটুয়াপাড়ায়। একই সঙ্গে দুর্ঘটনার পর পুলিশকে হেনস্তা করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগর পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

পুলিশ হেনস্তার অভিযোগে গ্রেফতার তরুণের নাম হাসানুর রহমান ওরফে তুহিন (২৬)। তার বাড়ি রাজশাহী শহরের শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ায়। পুলিশ হেনস্তার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আর বাসচালককে গ্রেফতার দেখানো হয়েছে সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায়।

এর আগে গত ২৫ জানুয়ারি বিকালে রাজশাহীর বেলপুকুরের পল্লাপুকুর এলাকায় রাজকীয় পরিবহন নামে একটি বাস অটোরিকশারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। আহত ছয় জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী ও পুরুষ মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে যান বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল।

এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগ তোলে, পুলিশ ঘাতক বাসচালককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এ অভিযোগে পুলিশের এক এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। অবরুদ্ধ রাখা হয় ওসিকেও। প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।

মঙ্গলবার পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসচালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে গুজব ছড়ানো হয় যে, পুলিশ বাস চালককে ছেড়ে দিয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে নিহত শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে না দেওয়াসহ বেলপুকুর থানার ওসি এবং একজন এসআইকে জিম্মি করেন। তাদের শারীরিকভাবে হেনস্তা করেন এবং এসআইকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। গ্রেফতার তুহিন এই ‘মবের’ মূলহোতা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের হেনস্তা করার অপরাধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। গ্রেফতার তুহিনকে গত সোমবার (২৬ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসচালককেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
রাজধানীতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা