ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এতে বন্ধ হয়ে যায় রাজধানীর সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র সড়ক যোগাযোগমাধ্যমটি। পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়।
শ্রমিকদের দাবি, বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখেই কারখানা বন্ধ করেছে নাসা গ্রুপ। তাই দ্রুতই কুমিল্লা ইপিজেডের ৫ কারখানার কয়েক হাজার শ্রমিকের বকেয়া পরিশোধের দাবিতে আজ তারা মহাসড়কে এসেছেন।
তারা জানান, এর আগেও নানা সময় আশ্বাস দিয়ে কোনও সুরাহা হয়নি বকেয়া বেতনের।
এদিকে, যৌথবাহিনীর অনুরোধে সাড়া দিয়ে সড়ক না ছাড়ায় শ্রমিকদের সরাতে অ্যাকশনে যায় পুলিশ। এ সময় হুড়োহুড়ি করে সড়ক ছাড়তে গিয়ে আহত হন কয়েকজন শ্রমিক।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সময় সড়ক বন্ধ রাখেন। তাদের আমরা নানাভাবে বুঝিয়েছি। মহাসড়কে আন্দোলন না করে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। পরে তারা মহাসড়ক ছেড়েছেন।’









