লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং পেশায় অটোরিকশাচালক।
পরিবারের দাবি, পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলা কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি মাঠে তার মরদেহ পড়ে থাকার খবর পান। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








