হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে ১৫ শিশুর মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৮০ শিশু।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আসা ১১ মাসের ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় সে।
অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৫৭ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিক্যাল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টমতলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।