লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের পাটওয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাটওয়ারীর বাড়ির আবু ছিদ্দিক পাটওয়ারী (৬৫), তার নাতি পিয়াস (৮) ও নাতনি প্রেমা (৭)। নিহত দুই শিশু আবু ছিদ্দিক পাটওয়ারীর ছেলে ও মেয়ের ঘরের সন্তান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু ছিদ্দিক পাটওয়ারী তার নাতি-নাতনিকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিন জনই পানিতে ডুবে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তিন জনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীরা।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাটওয়ারীর বাড়ির পরিবেশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।








