‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের

কুবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ? সারা দুনিয়ার সামনে চিৎকার করে বলবো, কোনো মা ঘর থেকে বাচ্চা বের করবেন না। এই দেশ নিরাপদ নয়।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারেন্টিং নিয়ে নানা আলোচনা-সমালোচনার প্রসঙ্গে এ কথা বলেন অপ্রতিমের মা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

প্যারেন্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয়ে ড. নাহিদা বেগম বলেন, ‘প্যারেন্টিং কী? এর সঙ্গে মিশবে না, ওর সঙ্গে মিশবে না; সারাক্ষণ বাচ্চাকে এটা শেখানোই কি প্যারেন্টিং? আমরা পড়ালেখা করি, মানুষের মধ্যে ভেদাভেদ নেই। আমার বাচ্চা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বড় হয়েছে। তাকে কখনও শেখাইনি যে একা ভাত খেতে হবে; শিখিয়েছি সবাইকে নিয়ে খেতে হবে।’

তিনি বলেন, ‘আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে চাইনি, একটি মুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। আমার বাচ্চা সারা পৃথিবী ঘুরে বেড়াতে চেয়েছে। উড়োজাহাজে চললেই কি তার অপরাধ হবে? উন্নত বিশ্বে বয়সে ছোট বাচ্চারা কি কিছু করে না? তারা সাপ নিয়ে খেলে। সেটা কি তাদের প্যারেন্টিংয়ের দোষ?’

অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘অপরাধীরা যখন সংশোধনাগার থেকে বের হবে, তখন কি অন্যের ক্ষতি করবে না? এরা যখন বের হবে, তখন হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। আপনারা সতর্ক হন, আমাদের কেন সতর্ক হতে হবে? আমার বাচ্চা কেন ঘর থেকে বের হতে পারবে না?’

তিনি আরও বলেন, ‘আমার বাচ্চা বন্ধুদের সঙ্গে ম্যাজিক প্যারাডাইসে ঘুরলে তার দোষ হবে কেন? কেন আপনাদের দোষ হবে না? আমার বাচ্চার জন্য কেন এমন পরিবেশ দেওয়া হচ্ছে না, যেখানে সে যেখানে-সেখানে ঘুরতে পারবে, যেকোনো মানুষের সঙ্গে মিশতে পারবে?’

ছেলের প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে নাহিদা বেগম বলেন, ‘আমার বাচ্চা একশটা প্রোগ্রাম করেছে। আমার বাচ্চাকে এক বছর নাচ শিখিয়েছি। আমার ছেলে হীরা-গহনা নিয়ে বাইরে যাবে, উড়োজাহাজে যাবে, আমার ঘরের সব জিনিস নিয়ে বাইরে যাবে তাই বলে তাকে কেড়ে নিয়ে মেরে ফেলতে হবে?’

অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে পুরোনো মাদকবিরোধী অভিযানের ক্ষোভ বা প্রতিহিংসার বিষয়টি একটি সম্ভাব্য কারণ হিসেবে আলোচনায় আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযান চালিয়েছি। ওই অভিযানে একটি গ্যাংয়ের সদস্যদের মাদক সেবনের অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করি। সেটা যদি আমার দোষ হয়ে থাকে, তাহলে আমাকে দোষ দেন। আমার ছেলেকে কেন ভিকটিম করা হচ্ছে? আমার দুধের শিশুকে ব্লেম করা আমি কোনোদিন মেনে নেবো না।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকারসহ আইনজীবী সমিতির নেতারা।

/ইউএস/
সম্পর্কিত
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত