ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ

কুবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তার বাসায় দেখা করতে গেলে তিনি ক্ষোভের কথা জানান।

নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনও দিন মেনে নেবো না। আমার দুধের বাচ্চা, আমার ছেলে বোঝে না। তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, দীর্ঘদিন সময় নিয়ে তাকে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে দিয়ে বলছে, “দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে”—আমি কিন্তু সেটা মানবো না।’

অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ব্লেমিং করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদা বেগম। আমার দুধের বাচ্চাকে কেন ব্লেমিং করা হচ্ছে প্রশ্ন রেখে নাহিদা বেগম জানান, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। যদি ওই কারণে তার ছেলেকে টার্গেট করা হয়, সেটা তিনি মেনে নেবেন না।

তিনি বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

মঙ্গলবার রাতে অপ্রতিমের মা-বাবার সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক। বুধবার তিনি বলেন, ‘অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা গিয়েছিলাম। একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপ্রতিম উচ্ছৃঙ্খল চলাফেরা করতো—এমন তথ্য প্রচার করছে বলে জানিয়েছেন নাহিদা বেগম। সন্তান হারানোর শোকে এমনিতেই তিনি শোকাহত। এর মধ্যে এমন প্রচার তাকে আরও কষ্ট দিচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।’

এদিকে অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী সমিতির কেউ লড়বেন না বলে জানিয়েছেন সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ। মঙ্গলবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতাদের মতবিনিময় সভা শেষে তিনি মৌখিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

সভা শেষে মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’ তিনি বলেন, ‘এটি কোনও আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত নয়। ঘটনার নির্মমতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দায়বদ্ধতা থেকে আইনজীবীদের মধ্যে এমন নীতিগত অবস্থান তৈরি হয়েছে। তবে আসামিদের আইনগত অধিকার নিশ্চিতে প্রচলিত আইনানুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের ব্যবস্থা থাকবে। কারণ, একতরফা বিচার হলে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার আশঙ্কা থাকে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, পিপি কাইমুল হক, জিপি তারেক আবদুল্লাহসহ সমিতির অন্যান্য নেতা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, এ পর্যন্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোরকে (১৫ ও ১৬ বছর) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সিয়াম বাদে বাকি তিন জন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

/এএম/ 
সম্পর্কিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
সর্বশেষ খবর
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা