পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে দশটার দিকে শহরের বহেরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার পৌর শহরের বহেরাতলায় তার এক নিকটাত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠান ইসরাত মেডিক্যাল হলে বসে ছিলেন। এসময় তুষখালীর দিক থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে উপস্থিত হন। তারা ইসরাত মেডিক্যাল হলের দিকে বোমা ছুড়ে মারেন ও এক রাউন্ড গুলি চালান। এসময় নাসির চেয়ারের নিচে লুকিয়ে আত্মরক্ষা করেন। দুর্বৃত্তরা সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল চালিয়ে মঠবাড়িয়া বাজারের দিকে চলে যান।
ঘটনার পরপরই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল এবং থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাসির হোসেন হাওলাদার জানান, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের সহযোগী জুয়েল ও মারুফসহ কয়েকজন তার ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ, আনুষ্ঠানিক পত্র হস্তান্তর
/এমও/






