পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা বিএনপি চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে সিকদারমল্লিক ইউপি কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিরাজ শেখ, রাজু শেখ ও নাদিম শেখ। আহতদেরকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়।
আহত বিএনপি কর্মী মিরাজ শেখ জানান, প্রচারণা শেষে দুপুরে তারা বাড়িতে ফেরার পথে ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের কর্মী সফিক হাওলাদার, লিমন হাওলাদার, মাহবুব, জুয়েল, লায়েক ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে ।
এদিকে হামলার বিষয়ে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানান, হামলাকারীরা সবাই আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী। আর আহতরা বিএনপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী হলেও তারা বহিরাগত।
আরও পড়ুন: ঝড়ে দেশের বিভিন্ন জেলায় নিহত ৩, ব্যাপক ক্ষয়-ক্ষতি
/এআর/







