বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামে ইউপি সদস্যের ছেলের নেতৃত্বে ১১ বছর বয়সী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনায় দুইজনকে আটক করেছে।
ঘটনার শিকার শিশুর পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়ার ছেলে মুসা ও তার সহযোগী শুভ, রাসেল, রিয়াজ শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির মা (মর্জিনা বেগম) বলেন, মঙ্গলবার বিকেলে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকায় মুসা তার সহযোগীদের নিয়ে বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে নির্যাতন করে। সন্ধ্যায় বাড়ি ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমতালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। হাসপাতালে এসে তাকে নির্যাতনের ঘটনা বর্ণনা দেয় শিশুটি।
আমতলী থানার এসআই মো. মাসুদ জানান, বুধবার সকালে ঘটনা জানার পরে পুলিশ অভিযান চালিয়ে মুসা ও শুভ নামের দু ধর্ষককে আটক করে। শিশুটির বর্ণনা অনুসারে রাসেল ও রিয়াজ নামের আরও দুজন ঘটনার সঙ্গে জড়িত। অন্য দুই আসামিকে ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমি এ ঘটনা এখনও ভালো করে জানি না। এখন পুলিশ তদন্তে এসেছে। এখন বিয়য়টি ভালোভাবে জানতে পারবো।
শিশুটির মা বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।
আরও পড়ন-
জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত
বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু
/এফএস/








