
গত এক বছর ধরে বরিশালের মাহে আলম (২০) এক তরুণ নিখোঁজ রয়েছে। ভোলার দৌলতপুর গ্রামে তার বাড়ি। আলমের পরিবার জানিয়েছে, মাহে আলম চট্টগ্রামে থাকাকালীন শেষ যোগাযোগ হয়েছিল। এরপর তার কোনও খবর পাওয়া যায়নি।
তবে জেলা পুলিশ সুপার এসএম আক্তারজ্জামান জানিয়েছেন, জেলার ১০ থানায় নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ আসেনি কিংবা সাধারণ ডায়েরি করেনি (জিডি)। তারপরেও বিষয়টি পুলিশ খুব গুরুত্বের সঙ্গে দেখছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার একেএম রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন এমন কারও সন্ধান পাওয়া যায়নি।
জেলার বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত এক বছরে তার থানায় ৫টি নিখোঁজের জিডি করা হয়েছে। এরা হলেন, উপজেলার বিশারকান্দি গ্রামের মনির হোসেন (২৬), সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের হৃদয় আহম্মেদ (২১), সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের শাকিল হাওলাদার (১৯), পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী সুব্রত কর্মকার শুভ (২৪) ও ভোলার দৌলতপুর গ্রামের মাহে আলম (২০)।
এর মধ্যে হৃদয় সেন্ট মার্টিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চোরাবালিতে আটকে মারা গেছে। মনির ফিরে এসেছে। শুভ কর্মকার একটি মেয়েকে নিয়ে ভারতে চলে গেছে। সেখানে সে কাজ করছে।
শুধু মাহে আলমের খোঁজ পাওয়া যায়নি। তার বিষয়ে খোঁজ-খবর করতে বানারীপাড়া থানার এএসআই ইমাম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. ফরহাদ হোসেন জানান, নিখোঁজদের সম্পর্কে তথ্য জানাতে নগরীর চার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু চার থানা থেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে এমন কেউ নেই বলে জানা গেছে।
তবে গত এক বছর ধরে ধর্মাদি গ্রামের মাওলানা জুবায়ের রহমান, বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা মশিউর রহমান কামাল সরদার ওরফে ফাঁসি কামাল, ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পদক শফিউল্লাহ মোনায়েম, কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ছোট ভাই মিরাজ খান, নতুন বাজার এলাকার বাসিন্দা ছাত্রদল কর্মী জুবায়ের হাওলাদার নিখোঁজ রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, গত এক বছর ধরে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনও জিডি নেই থানায়।
বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তার থানা এলাকার যে দুজনের নিখোঁজের কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা থাকায় তারা আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ রয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে নিখোঁজ ৭, অনুসন্ধান করছে পুলিশ
/এসটি/








