ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে বরিশালে সুধিজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউসে তার সঙ্গে মত বিনিময় করেন বরিশালের সুধি সমাজ। তিনি বৃহস্পতিবার তিন দিনের সফরে বরিশাল আসেন। সফর শেষে শনিবার দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।
সুধিজন সমাবেশে উপস্থিত ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যল, বরিশালের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, খেলাঘর সভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে,কাজল ঘোষ প্রমুখ।
এসময় তিনি তাদের সঙ্গে বরিশালের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে মতবিনিময় করেন।
এর আগে তিনি বরিশাল সিটি করপোরেশন ভবন পরিদর্শন করেন। এসময় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কে এম শহিদুললাহ।
বিমান বন্দোপাধ্যায় ১৯৪৫ সালের ৩০ আগষ্ট বরিশালের বগুড়া রোডের ডগলাস বোডিংয়ে জন্মগ্রহন করেন। ১৯৪৮ এর দাঙ্গার সময়ে তার বাবা আইনজীবী প্রাণতোষ বন্দোপাধ্যায় ও ঠাকুর দাদা সতীশ চন্দ্র বন্দোপাধ্যায় পরিবারসহ বরিশাল ত্যাগ করে পশ্চিম বঙ্গে চলে যান।
আরও পড়ুন: জঙ্গিবাদ তত্ত্ব বন্ধ করা সংস্কৃতিকর্মীদের কাজ: সংস্কৃতিমন্ত্রী







