বরিশালের হিজলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে মেঘনায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩১ মে) সকালে এই ঘটনা ঘটে।
হিজলার হরিণাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রায়হান জানান, সকাল পৌনে ১০টার দিকে উপজেলার হরিণাথপুর ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় অন্তত ২০টি বসতঘর ঝড়ে ধসে পড়ে। এসময় হরিণাথপুর সংলগ্ন মেঘনায় ৩টি নৌকা ও ট্রলার ডুবে যায়।
যাত্রী বহনকারী ট্রলারটি ডুবে যাওয়ায় স্থানীয় মিজান ফকিরের মেয়ে জান্নাত (১২) ও আল আমিনের স্ত্রী মাহিনুর (২৬) নিখোঁজ হন।
এরপর বেলা ১টার দিকে জান্নাতের লাশ পাওয়া গেলেও মাহিনুর এখনও নিখোঁজ রয়েছেন বলে ইউপি সদস্য জানান।







