বিদ্যুতের খুঁটি বহনকারী ঠেলাগাড়ির নিচে পড়ে যাওয়ায় বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর বাজার এলাকায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই স্থানে বিদ্যুতের লাইন টানার কাজ চলছিল। নিহত শ্রমিকের নাম সোলায়মান (২৮)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেপুর গ্রামের বিলাল মিয়ার ছেলে।
বুধবার বিকেল ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। সোলায়মানের সহকর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের খুঁটিবহনকারী ঠেলা গাড়িটি উল্টে গেলে সেখানে কর্মরত সোলায়মান চাপা পড়ে। উদ্ধারের পর মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মেহেদী হাসান খান তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন, ‘এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তারপরও সংশ্লিষ্ট ঠিকাদারকে থানায় ডাকা হয়েছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’







