বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদীতে প্রধানশিক্ষকের মোটরসাইকেল থেকে পড়ে মুন্নুজান বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নুজান উজিরপুর উপজেলার মুন্ডুপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বরিশাল নগরীর বি এম কলেজ সংলগ্ন তালভিটা এলাকার বাসিন্দা। তিনি ঝালকাঠীর মহিলাবিষয়ক অধিদফতরের কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী।
প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, স্কুল শেষে মোটরসাইকেল যোগে বরিশাল নগরীতে ফিরছিলেন তিনি। এসময় মুন্নুজান তার মোটরসাইকেলের পেছনে বসাছিল। পথিমধ্যে মুন্নুজানের মাথা ঘুরে ওঠে এবং তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। তার উচ্চ রক্ত চাপের সমস্যা ছিল। পড়ে যাওয়ার পর তার মাথায় জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর কোতোয়ালি মডেল থানার এসআই শফিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।







