বাক্সবন্দি থেরাপি মেশিন, চিকিৎসা বঞ্চিত বরিশালের ক্যানসার রোগীরা

সালেহ টিটু, বরিশাল
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাক্সবন্দি থেরাপি মেশিন ঝালকাঠির বাসিন্দা সাইদুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি লিমহুমা ক্যানসার রোগে আক্রান্ত। কেমো পর্ব শেষ করে বর্তমানে রেডিওথেরাপি নিচ্ছেন। তবে বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের থেরাপি মেশিনটি বর্তমানে নষ্ট। নতুন আরেকটি মেশিন আনা হলেও তা স্থাপন করা না হওয়ায় অসুস্থ অবস্থায় গত সাত মাস ধরে ঢাকায় এসে থেরাপি নিচ্ছেন তিনি। সাইদুলের মতো একই যন্ত্রণায় ভুগছেন ক্যানসার আক্রান্ত অন্য রোগীরাও। দ্রুত এ সমস্যার সমাধান করে বরিশালেই চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০২ সালে ক্যানসার আক্রান্তদের থেরাপি দেওয়ার জন্য ১০ কোটি টাকা মূল্যের কোবাল্ট-৬০ মেশিন স্থাপন করা হয়। ২০১৫ সালের ২৯ নভেম্বর এটি অচল হয়ে যায়। ১৩ বছরে এই মেশিন দিয়ে প্রতিমাসে গড়ে ৩০০ ক্যানসার রোগীকে ৯ হাজার বার রেডিওথেরাপি দেওয়া হয়। তবে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ায় এখন রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন না। রেডিওথেরাপি দেওয়ার জন্য ৫ কোটি টাকা ব্যয়ে আনা নতুন ব্রাকি থেরাপির অপর একটি মেশিনও দেড় বছর ধরে হাসপাতালে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে।

এছাড়া সম্প্রতি রেডিওথেরাপি মেশিনের পাশের কক্ষে বসানো জরায়ু ক্যানসারের মেশিনটিও ঠিকমতো স্থাপন না করায় সেটিও অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

স্থাপনে ত্রুটি থাকায় অচল হয়ে পড়ে আছে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরায়ু ক্যান্সারের থেরাপি মেশিন রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্দিষ্ট সময় পর পর ক্যানসার আক্রান্ত রোগীকে রেডিওথেরাপি দিতে হয়। তা না হলে ক্যানসার ছড়িয়ে রোগীর মৃত্যু হয়। তবে বরিশালে রেডিওথেরাপি দেওয়ার এখন কোনও সুযোগ না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। বাধ্য হয়ে রোগীরা মহাখালী ক্যানসার ও রিসার্চ সেন্টার হাসপাতালে থেরাপি নিচ্ছেন। তবে একটি থেরাপি দেওয়ার পর রোগীরা পরবর্তী সিরিয়াল পাচ্ছেন ৫/৬ মাস পরে। এতে করে রোগীদের যথাযথ চিকিৎসা সম্ভব হয়ে উঠছে না। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে লবিং-তদবির করে তাদের নির্দিষ্ট সময়ের থেরাপি নিশ্চিত করতে হয়। আবার যাদের আর্থিক সঙ্গতি নেই তারা ঢাকায় গিয়ে চিকিৎসাও নিতে পারছেন না। কিংবা লবিংয়ের ব্যবস্থা করতে না পারায় নির্ধারিত সময়ের মধ্যে নিতে পারছেন না প্রয়োজনীয় থেরাপি।

মহাখালী ক্যানসার ও রিসার্চ সেন্টার হাসপাতালের সিনিয়র এক টেকনোলজিস্ট নাম প্রকাশ না করা শর্তে জানান, দেশের বেশিরভাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মেশিন থাকলেও তা দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। এ কারণে মহাখালীতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। কিন্তু এখানে মেশিনের সংখ্যা বাড়েনি। প্রতিদিন চার হাজার রোগীর থেরাপি দেওয়ার মতো চাপ থাকে। কিন্তু সেবা পাচ্ছেন মাত্র ৫৫০ জনের মতো রোগী। নির্ধারিত সময়ের মধ্যে রোগীদের থেরাপি দিতে না পারায় ক্যানসার ছড়িয়ে পড়ছে। যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে থাকা রেডিওথেরাপি মেশিনগুলো সচল করলে সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন না।

এদিকে জরায়ু ক্যানসার রোগ উপশমে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার-পাঁচ মাস আগে একটি থেরাপি মেশিন আনা হয়। গত তিন মাস আগে হাসপাতালের রেডিওথেরাপি কক্ষের পাশের কক্ষে মেশিনটি স্থাপন করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে স্থাপনে ত্রুটি থাকায় মেশিনটি ঠিকমতো কাজ করছে না। বিষয়টি মেডিক্যাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে অবহিত করেছে। তবে আজও এ সমস্যার সমাধান করা হয়নি।

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের এক টেকনিশিয়ান জানান, নতুন মেশিনটি অকেজো অবস্থায় পড়ে থাকলে এটি কর্মক্ষমতা হারিয়ে ফেলবে।

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন বছর ধরে নষ্ট রেডিওথেরাপি মেশিন এ বিষয়ে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান তড়িৎ কুমার সমাদ্দার জানান, ‘রেডিওথেরাপি মেশিনটি সচল করতে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু তা না হওয়ায় রোগীরা মহাখালী ক্যানসার হাসপাতালে গিয়ে সিরিয়াল দিচ্ছেন। কিন্তু সেখান থেকে যে সিরিয়াল দেওয়া হচ্ছে তাতে অনেক রোগী সে সময় পর্যন্ত বাঁচবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।’

হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের চিকিৎসক ডা. মহসীন হাওলাদার বলেন, ‘বরিশালসহ পদ্মা নদীর এপাড়ে যতগুলো হাসপাতাল রয়েছে তার কোনোটিতেই রেডিওথেরাপি মেশিন নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুুযায়ী ১০ লাখ মানুষের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ক্যানসার সেন্টার থাকা দরকার। এর বাস্তবায়ন খুবই জরুরি।’

সার্বিক বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, ‘নতুন থেরাপি (ব্রাকি থেরাপি) মেশিনটি বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরমাণু শক্তি কমিশন জানিয়েছে একই স্থানে দু’টি মেশিন থাকতে পারবে না। থাকলেও দেয়াল দিয়ে পার্টিশন তৈরি করে নিতে হবে। এ কারণে পরমাণু শক্তি কমিশনে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন মিললে নতুন মেশিনটি বসানো হবে।’

এছাড়া জরায়ু ক্যানসারে থেরাপি দেওয়ার মেশিনটির কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি