ভোলা-লক্ষ্মীপুর রুটের দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় ভোলা-লক্ষ্মীপুর ফেরি ঘাটের দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে রয়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। নষ্ট হচ্ছে কাঁচামাল, খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। শনিবার (২৭ জুলাই) বিকাল পর্যন্ত দুই পাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
ভোলা-লক্ষ্মীপুর ফেরি রুটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। এ রুটে কনকচাঁপা, কৃষানী ও কলমিলতা নামে তিনটি ফেরি নিয়মিত চলাচল করছিল। কিন্তু পাঁচ দিন আগে দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়ায় যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে।
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার ট্রাকচালক সিরাজ, হাবিব ও বাবুলের সঙ্গে কথা এই প্রতিনিধির। তারা জানান, ঘাটে ৫-৬ দিন ধরে অপেক্ষা করছেন। দিনে একবার ফেরি চলাচল করে, তাই ঘাটেই বসে থাকতে হয়। তাদের অভিযোগ, মাত্র দুটি সচল ফেরি দিয়ে কিছুটা যানবাহন পারাপার হলেও ফেরির ট্রিপ কমে যাওয়ায় উভয়পাড়ে পরিবহনের দীর্ঘলাইন পড়েছে। বেশিরভাগ ট্রাকই ঘাটে ৫-৬ দিন ধরে আটকে আছে। এখানে অন্তত পাঁচটি ফেরি যুক্ত করার দাবি তাদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার এমরান খান বলেন, ‘তিনটির মধ্যে দুটি ফেরি বিকল, সেগুলো মেরামত কাজ চলছে। ঘাটের জট কমাতে আরও একটিসহ মোট দুটি ফেরি চলছে। ২-১ দিনের মধ্যে সব ফেরি সচল হবে। ফেরিগুলো সচল হলে এক সপ্তাহের মধ্যে জট কমে যাবে।’







