‘ভারইত্যারা মোগো মধ্যে ঢুইক্কা মাছ ধইরা লইয়া যায়’

সুমন সিকদার, বরগুনা
২৭ অক্টোবর ২০১৯, ১৮:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২০:০৩

মাছ ধরার জাল বুনছেন জেলেরা ‘সরকার ২২ দিনের অবরোধ (নিষেধাজ্ঞা) দেছে, হ্যা মোরা মানি। অবরোধের লইগ্গা (জন্য) গাঙ্গে না যাইয়া বইয়া রইছি। কিন্তু, ভারইত্যারা (ভারতীয়রা) এই অবরোধের সময় মোগো মধ্যে ঢুইক্কা মাছ ধইরা লইয়া যায়।’ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে চট্টগ্রামের জেলে আউয়াল জোমাদ্দার বাংলা ট্রিবিউনের কাছে এই আক্ষেপ করেন।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেরা বঙ্গোপসাগরে ইলিশ শিকার তো করেই, নিষেধাজ্ঞা শেষে দাপিয়ে বেড়ায়। আর বাংলাদেশের জেলেরা মাছ শিকারে গেলে ভারতের ট্রলারের জেলেসহ সাগরে মাছ ধরতে আসা অন্য দেশের ট্রলারের জেলেরাও মাছ ধরতে দেয় না। অনেক সময় ট্রলার ভেঙেও দেয়। এছাড়া ট্রলারের ইঞ্জিন, সার্চলাইট ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যায় ভারতীয় ট্রলারের জেলেরা।

পাথরঘাটায় পিরোজপুরের জেলে গনি মিয়া বলেন, ‘ভারতীয় জেলেরা আমাদের জন্য একটি আতঙ্কের নাম। বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে অনুরোধ থাকবে, এই আতঙ্কের হাত থেকে বাংলাদেশি জেলেদের রক্ষা করুন।’

পাথরঘাটার জেলে আলম মোল্লা বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা মোরা মানি। কিন্তু, ভারতীয় জেলেরা এখন আমাদের মধ্যে ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, এটা ফেরাবে কে? বঙ্গোপসাগরে ৬৫ দিনের (২০ মে থেকে ২৩ জুলা) নিষেধাজ্ঞার সময় দেখছি কতগুলো ভারতীয় জেলে আটক করে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু, আমরা ভুল করেও ভারতের সীমানার মধ্যে প্রবেশ করলে আমাদের ওপর করা হয় অমানবিক নির্যাতন।’

নিষেধাজ্ঞা থাকায় পড়ে রয়েছে জেলেদের নৌকা বাংলাদেশ ফিশিং বোট মালিক ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এখন আমাদের দেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু, ভারতীয় জেলেরা এই সুযোগ কাজে লাগিয়ে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। ভারতীয় জেলেদের মাছ শিকার বন্ধ করতে হলে হিরণ পয়েন্টসহ গভীর সমুদ্রে নৌবাহিনীর টহল বৃদ্ধি করতে হবে। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে ভারত-বাংলাদেশ যৌথভাবে সমন্বয় করে একই সময় নিষেধাজ্ঞা জারি করতে পারলে এই নিষেধাজ্ঞার সুফল বাংলাদেশের জেলেরা ভোগ করতে পারবেন।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গভীর সমুদ্রে কারা মাছ শিকার করছে, সেটি আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। জেলেরাও যেসব অভিযোগ করছে সবটাই অনুমাননির্ভর। তারপরও জেলেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতোমধ্যে তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন। নিষেধাজ্ঞার সময় পাশের দেশগুলোর সঙ্গে সমন্বয় করার বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও আলোচনা শুরু হয়েছে।’

বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরসহ উপকূলীয় জেলেদের জীবিকা চলে বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে।

ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা ভারতের সঙ্গে সমন্বয় করে দেওয়ার দাবি জানিয়েছেন বরগুনাসহ উপকূলীয় এলাকার জেলেরা। তাদের অভিযোগ, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের অধিকাংশ জেলে ইলিশ শিকার থেকে বিরত থাকেন। কিন্তু, ভারতীয় জেলেরা এই সুযোগে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে নির্বিঘ্নে ইলিশ ধরেন। সেজন্য ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের।  

জাল বুনছেন এক জেলে জেলেরা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন (৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর), বঙ্গোপসাগরে ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) সব ধরনের মাছ ধরা ও উপকূলের নদ-নদীতে আট মাস (নভেম্বর থেকে জুন) জাটকা ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। এই তিন সময়ে বাংলাদেশের অধিকাংশ জেলে মাছ শিকার থেকে বিরত থাকেন। কিন্তু, এ সময় ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের জেলেরা বাংলাদেশের সীমানাসহ বঙ্গোপসাগরজুড়ে মাছ শিকারে মেতে ওঠেন।

আরও খবর...

নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেদের ইলিশ শিকার, ক্ষুব্ধ রাজশাহীর মৎস্যজীবীরা

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী