বরিশালের উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামে বড় ভাইয়ের থাপ্পড় ও ঘুষিতে ছোট ভাই হিরালাল বৈদ্য (২২) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক ওই গ্রামের সুনীল বৈদ্যের ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য পার্থ প্রতীম মন্ডল বলেন, হিরালাল মাদকাসক্ত ছিল। পরিবার থেকে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসায় রাখা হয়। তার মা নিনা বৈদ্য জানিয়েছে আট দিন আগে তাকে বাড়িতে আনা হয়।
তিনি বলেন, সোমবার মন্দির থেকে দানবাক্স ছিনতাইর চেষ্টা চালায় সে। বিষয়টি স্থানীয়রা বড় ভাই বাবুরাম বৈদ্যের কাছে নালিশ দেন। এ নিয়ে ভাইকে গালমন্দ করলে হিরালাল বড় ভাইকে চড় মারে। এরপর বাবুরামও ক্ষিপ্ত হয়ে থাপ্পড় ও ঘুষি মারেন। এ সময় হিরালাল গাছের ওপর পড়ে নাক থেকে রক্ত বের হওয়া শুরু হয়। পরিবারের অন্য সদস্যরা তাকে উজিরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ইউপি সদস্য আরও বলেন, হাসপাতালে হিরালালের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে গাছ থেকে পড়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিবার। এ কারণে লাশ পরিবারের কাছে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনা জানতে পেরে রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে পালিয়েছে ভাই বাবুরাম।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, প্রথমে পুলিশকে আসল বিষয়টি জানায়নি পরিবার। পরে স্থানীয় এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







