বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে নয় জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ।
সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এ ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকলেও হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে। এ কে আরাফাতের নেতৃত্বে ৪০-৫০ জন এই হামলায় অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ হামলায় আহত হয়েছেন। তিনি বলেন, ‘আন্দোলনের পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করছিলাম। এই সময়ে ছাত্রলীগের এ কে আরাফাতের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। লাঠি নিয়ে হামলায় অনেকের নাক মুখ ফেটে যায়। সেখানে উপস্থিত আমরা ১৫ জন কমবেশি আহত হই। পরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।’
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেয় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টহল গাড়ি।
ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রিয়াজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
এদিকে, বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থীরা জানান, যতদিন গ্রেফতার, নির্যাতন, গুম-খুন চলবে ততদিন আন্দোলন চলবে। আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি।
সমাবেশে শিক্ষার্থীরা আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করা এবং হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নামে যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনও সম্পর্ক নেই।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফারুক আহম্মেদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। আমাদের অনুরোধে তারা ওই জায়গা থেকে চলে যান।’









