বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন, ‘বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএনপির সঙ্গে জোট হবে, রাজনৈতিক সমঝোতা হবে। নইলে বিএনপি বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।’
পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে প্রথম দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, ‘বিএনপি ফ্যাসিবাদী আচরণ করলে তাদের পরিণতিও কিন্তু আওয়ামী ছাত্রলীগ যুবলীগের মতোই হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বলেছিল, আমরা দেশ ছেড়ে পালাই না, যখন এই দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।’
তিনি বলেন, ‘বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীরাও আন্দোলন করেছেন। কেউ শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি। স্বৈরাচারের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাট ও মাস্তান বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে হটিয়েছি, আর কোনও দখলদার চাঁদাবাজ ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।’
সাবেক ডাকসু ভিপি বলেন, ‘ছাত্র-জনতা-সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসে বুলেটের সামনে দাঁড়িয়েছে, তখন শেখ হাসিনা ও স্বৈরাচারের পতন হয়েছে। গত ৫৩ বছরে এই দেশের মানুষ ভোট ডাকাত ও ফ্যাসিবাদ সরকার দেখেছে। দেশের তরুণরা বারবার জীবন ও রক্ত দিয়েছে। ভবিষ্যতে এই দেশের তরুণরা কারও সিঁড়ি হওয়ার জন্য জীবন ও রক্ত দেবে না। কারও লাঠিয়াল বাহিনীও হবে না। তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে সুসংগঠিত হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, জনবান্ধব শাসন ব্যবস্থা গড়া ও নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই ছাত্র-জনতা কাজ করবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা।









