পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা হত্যাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপন চলে যান এই যুবলীগ নেতা।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান থানায় আসেন। নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। পরে আমরা সাভার থানায় কথা বলে নিশ্চিত হই, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে তাদের জিম্মায় নিতে বলেছি আমরা। আপাতত থানা হেফাজতে রয়েছেন মিজানুর রহমান।’
এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, বিকাল ৩টার দিকে মিজানুর রহমান নিজের রাজনৈতিক পরিচয় জানিয়ে মহিপুর থানার ওসিকে ফোন করে দেখা করতে চান। তখন কারণ জানতে চাইলে আত্মসমর্পণের কথা জানান। কেন আত্মসমর্পণ করতে চান ওসির এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানান, সাভার ও আশুলিয়া থানায় তার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে আত্মগোপন করে কুয়াকাটায় অবস্থান করছেন। এভাবে পালিয়ে না থেকে আত্মসমর্পণই উত্তম বলে জানান তিনি। পরে বিকাল সাড়ে ৩টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিজানুর রহমান।









