কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. রফিকুল ইসলাম (৪০) পাঁচ দিন পর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন। উপজেলার চাকামইয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রফিকুল। রবিবার (২০ অক্টোবর) বিকালে তার জানাজা এবং দাফন চাকামইয়া ইউপির গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়িতে হবে বলে জানান পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্সলেন-সংলগ্ন সড়কে বরিশালগামী বাস রুদ্র তূর্য তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে শেবাচিমের চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন।
দুর্ঘটনার ৫ দিন পর মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক জানিয়েছেন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।








