পটুয়াখালীর গলাচিপায় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য বরাদ্দ মাছ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ এবং স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (৫৫)। তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ। পরে মাছগুলো স্থানীয় তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বিতরণ কার্যক্রম শেষে বরাদ্দের কিছু মাছ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে ব্যক্তিগতভাবে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি বন্ধ পাওয়া যায়। পরে শিক্ষক আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেন। তার ভাষ্য, মাদ্রাসাটি আবাসিক না হওয়ায় তিনি বরাদ্দের মাছ নিজের বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় আবুল হোসেনের সঙ্গে ভাগ করে নেন।
কর্মকর্তারা জানান, অন্য দুটি মাদ্রাসায় মাছ পৌঁছানোর বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। তবে বরাদ্দের মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।