কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল কেন্দ্র থেকে উপজেলা সদরে গিয়ে পাল্টে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার মৌকরা ইউনিয়নের বড় ফতেপুর কেন্দ্রের ফলাফল নিয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানান, বড় ফতেপুর কেন্দ্রের নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাহার ফলাফল শিট দেওয়ালে টাঙিয়ে দেন। সেখানে ইউপি সদস্য প্রার্থী মো. মুক্তার হোসেন ভূঁইয়া ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হন বলে উল্লিখিত হয়। তার সমর্থকরা এ নিয়ে আনন্দ মিছিলও করেন।
কিন্তু সন্ধ্যায় শোনা যায় ফলাফল পাল্টে গেছে। সেখানে ওমর ফারুক নামে একজনকে ৪২১ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও কেন্দ্রের তালিকায় ওমর ফারুক ৩শ’ ভোট পেয়েছেন। দুইটি ফলাফলের শিটে স্বাক্ষরেও মিল নেই।
স্থানীয় বড় ফতেপুর গ্রামের মনিরুজ্জামান জানান, মুক্তার হোসেন ভূঁইয়া পাস করেছেন শুনে আমরা মিষ্টি বিতরণ করলাম। পরে শুনি তার ফলাফল ছিনতাই করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাহার বলেন, কেন্দ্রে টাঙানো ফলাফল আমি রিটার্নিং অফিসারের কিাছে জমা দিয়েছি। এ বিষয় নিয়ে আমি আর কোনও মন্তব্য করতে পারবো না।
রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম আল-আমিন বলেন, আমি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে যা পেয়েছি তাই প্রকাশ করেছি।
ফলাফল শিটে স্বাক্ষর মিল না থাকার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার বলেন, এগুলো মিলিয়ে দেখার সুযোগ আমার নেই।
ইউপি সদস্য প্রার্থী মো. মুক্তার হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি আমার বিজয়ী হওয়া ফলাফলের ঘোষণা চাই!’
আরও পড়ুন: জাফরউল্যা-নিক্সন সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
/এইচকে/








