কুমিল্লায় নাজমুল হাসান ভূঁইয়া বাছির নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় নাঙ্গলকোট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের বিরুদ্ধে নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনসহ চারটি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া গত ২১ জুন নাঙ্গলকোটের ঢালুয়া বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় দায়ের মামলার অন্যতম আসামি ছিলেন বাছির চেয়ারম্যান। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার পর গোপন সূত্রে খবর পেয়ে দুপুর ২টার দিকে জেলা ডিবির এসআই শরিফুল ইসলাম ও নাঙ্গলকোট থানার এসআই আশরাফুল ইসলাম নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নাঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ৩, প্রত্যেকেই বহিরাগত
/বিটি/








